ম্যাচটা ব্রাজিল হারেনি। জিততে না পারলেও অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে (১–১)। তবু ব্রাজিল সমর্থকদের মন কিছুটা খারাপই। সেটা শুধু মরক্কোর বিপক্ষে জিততে না পারার কারণে নয়, ব্রাজিল যেভাবে খেলেছে, সে কারণেও। বিশেষ করে প্রথমার্ধে।
আজ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ব্রাজিল যে একটি গোল করেছে, সেটি হয়েছে প্রথমার্ধেই। তবে ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত সেই গোল ছাড়া বাকি সময়ে ব্রাজিলকে খুঁজে পাওয়া যায়নি। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’তে এক কলামিস্ট এটিকে ৭-১ গোলের সেই দুঃস্বপ্নের ম্যাচের প্রথমার্ধের সঙ্গে তুলনা করেছেন।
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে প্রথমার্ধে ৫ গোল হজম করেছিল ব্রাজিল। গোলসংখ্যার সঙ্গে তো আর তুলনা হয় না! তবে খেলার ধরনে, প্রতিপক্ষের আক্রমণের মুখে চিড়েচ্যাপটা হওয়ার দিক থেকে সেদিনের সঙ্গে এদিনের মিলই পেয়েছেন কলামিস্ট ফার্নান্দো কালাস।
এ ক্ষেত্রে অবশ্য পরিসংখ্যানও তাঁর অনুকূলে কথা বলছে। ১৯৬৬ বিশ্বকাপের পর মরক্কো মাত্র দ্বিতীয় দল, যারা ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই ব্রাজিলের গোলমুখে ৫টি শট নিতে পেরেছে। ওই সময় ব্রাজিলকে রীতিমতো দিশাহারা মনে হয়েছে।


