যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সদর দপ্তর। মে মাসের দ্বিতীয়ার্ধে অত্যন্ত গোপনে আর অনেকটা আকস্মিকভাবে সেখানে সফর করেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ জেনারেল। তাঁর এ সফরের উদ্দেশ্য, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম জোরপূর্বক দখল করতে দেশটিতে মার্কিন বাহিনীর স্থল অভিযানের পরিকল্পনা সম্পর্কে ব্যক্তিগতভাবে অবহিত হওয়া।
বিষয়টির সঙ্গে জানাশোনা রয়েছে এমন দুটি সূত্র যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে। সেখানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক ছিল।
কিন্তু গত ১৯ মে ফ্লোরিডার টাম্পায় অনুষ্ঠিত ওই বৈঠক এতটাই জরুরি ও সংবেদনশীল ছিল যে জেনারেল কেইনকে আটলান্টিক পাড়ি দিয়ে দ্রুত সেখানে আসতে হয়েছিল বলে জানান সূত্র দুটি। সূত্র আরও জানিয়েছে, উচ্চপর্যায়ের ও জরুরি এ ব্রিফিং এটাই স্পষ্ট করে যে মার্কিন প্রশাসন ইরানে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থল অভিযান অনুমোদন দেওয়ার কতটা কাছাকাছি চলে এসেছিল।
ইরানে সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনার বিষয়ে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।
ওই দুই সূত্রের একজন সিএনএনকে জানিয়েছেন, ফ্লোরিডার বৈঠকের পরপর জেনারেল কেইন ইরানে সম্ভাব্য স্থল অভিযানের বিকল্পগুলো সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প পরিকল্পনাটি আটকে দেন।


